কাঁঠালের সংগ্রহোত্তর পরিচর্যা, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি খাগড়াছড়ির পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ দুরত্ব বজায় রেখে এই কর্মশালায় ২০ জন কাঁঠাল উৎপাদনকারী কৃষক-কৃষাণী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সম্প্রসারণ কর্মী অংশগ্রহণ করেন।
গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও নিউভিশন সল্যুশনস্ দিনব্যাপী হাতে কলমের এ কর্মশালা আয়োজন করে। ঢাকা কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘পোস্টহারভেস্ট ম্যানেজমেন্ট, প্রসেসিং এন্ড মাকের্টিং অব জ্যাকফ্রুট’ শীর্ষক প্রকল্পের আংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির উপপরিচালক মুর্তুজ আলীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা ও নিউভিশন সল্যুসনস্ লিমিটেডের উপদেষ্টা কায়জার আলম।
প্রশিক্ষণ গ্রহণকারী কৃষক ও উদ্যোক্তারা জানান, প্রক্রিয়াজাতকৃত কাঁঠালের চাহিদা সারা দেশে রয়েছে এবং সহযোগীতা পেলে সহজ পদ্ধতিতে তৈরি করা বিভিন্ন খাদ্য সামগ্রী বছরব্যাপী অন-লাইন ও সুপার সপে বিক্রয় করা যাবে।
উদ্যেক্তা হতে আগ্রহী প্রশিক্ষণার্থী বাবলী ত্রিপুরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে কাঁঠাল প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন: ফ্রেশকাট কাঁঠাল, কাঁঠালের জেম, কাঁঠাল সত্ত্ব, রেডি-টু-কুকসহ সহজ উপায়ে পাকা কাঁঠালের পাল্প সংরক্ষণ এবং তা বছরব্যাপী ব্যবহারের মাধ্যমে বহুবিধ খাদ্যসামগ্রী তৈরি করা যাবে। সেগুলি বিপণনের মাধ্যমে কাঁঠালকে লাভজনক করা সম্ভব হবে।