জেলে নিরঞ্জনের ভাগ্য সুপ্রসন্নই বটে। রাতে ১৩ কেজি ওজনের বিশাল এক বোয়ালের পর এবার সন্ধ্যায় তার জালে ধরা পড়ল ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। তার বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা সদরে।
জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের ২ কিলোমিটার ভাটিতে চর কর্নেশনা এলাকায় জাল ফেলে জেলে নিরঞ্জন হালদার ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ওই বিশাল পাঙ্গাসটি ধরেন। পরে মাছটি তিনি সন্ধ্যার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে আনেন বিক্রির জন্য।
সেখানে নিলামের মাধ্যমে ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭২৫ টাকা দিয়ে মাছটি কিনে নেন। মাছটি তিনি বিক্রির জন্য অনলাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।
এর আগে জেলে নিরঞ্জন হালদার শুক্রবার মধ্যরাতে দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেলে ১৩ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ ধরেন। মাছটি দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২২ হাজার ১০০ টাকায় কিনে নেন।
পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে মাছটি তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মা-যমুনার এই এলাকায় নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। কিন্তু মাছগুলো রক্ষা করা গেলে সেগুলো ডিম ছেড়ে নদীতে ব্যাপক হারে বংশ বিস্তার করতে পারত।