নোয়াখালীর সেনবাগে কর্তব্যরত ৩ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়।
সোমবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়িতে পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘটে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. নুরুজ্জামান বাদী হয়ে অভিযুক্ত ৭জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়।
আহতরা হলো, সেনবাগ থানার উপ-পরিদর্শক (এএসআই) মো.নুরুজ্জামান, কনস্টেবল শরীফ খান, কনস্টেবল মোজাম্মেল হোসেন।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে উপজেলার বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়ির শাহাজান সাজু ও আকলিমা আক্তারদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আকলিমা আক্তার বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আকলিমার প্রতিপক্ষ শাহজান সাজু গংদের সাথে পুলিশের বাকবিতণ্ডা বেধে যায়। এক পর্যায়ে শাহাজান সাজুর পরিবারের সদস্যরা উত্তোজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। পরে পুলিশ অভিযুক্ত মর্জিনা আক্তার (৫৫) উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়ির মিজানুর রহমানের স্ত্রীকে গ্রেফতার করে। বর্তমানে অভিযুক্ত অপর আসামিরা গা ঢাকা দিয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ওসি আব্দুল বাতেন মৃধা জানান, মঙ্গলবার (১৩ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে পুলিশ অ্যাসল্ট মামলায় বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।