কুষ্টিয়ার মিরপুর উপজেলার রফি ফকির নামে এক কৃষকের দুটি গরুকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে। গরু দুটি ১ লাখ ৭০ হাজার টাকায় স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে কৃষক রফি ফকির গোয়াল ঘরে গিয়ে দেখেন তার দুটি গরু মরে পড়ে আছে।
তিনি বলেন, পার্শ্ববর্তী গ্রামের বেপারির কাছে গরু দুটি ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছিলাম। আজ সকালেই গরু দুটি আমার বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরেই এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পূর্বশক্রতার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল জানান, এমন অমানবিক ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এ খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।