হঠাৎ করে ভারত থেকে বেড়েছে অক্সিজেন আমদানি। বেনাপোল বন্দর দিয়ে গত ২৩ দিনে এক হাজার ৭৮৫ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় জীবন বাঁচাতে প্রয়োজনীয় এ অক্সিজেনের চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা আমদানি বাড়িয়েছেন বলে জানা গেছে।
বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা মেটাতে বড় একটি অংশ আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। প্রতি বছরে প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনাকালীন সময়ে আক্রান্তদের জীবন বাঁচাতে সম্প্রতি এ অক্সিজেনের চাহিদা আরও বেড়েছে।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারতে করোনা মহামারিতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় গত ২১ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীতে দেশটিতে করোনা সংক্রমণ কমে আসায় গত ২১ জুন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশে অক্সিজেন আমদানি শুরু হয়। এ ক্রান্তিকাল সময়ে প্রতিবেশী রাষ্ট্র অক্সিজেন আমদানির সুযোগ দেওয়া এটি বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বেরও উদাহরণ বলে মনে করেন এ ব্যবসায়ী নেতা।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রফিক) আব্দুল জলিল জানান, বেনাপোল বন্দর দিয়ে ৫ জন আমদানিকারক অক্সিজেন আমদানি করে থাকেন। এর মধ্যে লিন্ডে বাংলাদেশ ও এক্সপেট্রা অক্সিজেন নামে দুই আমদানিকারক ৯০ শতাংশ অক্সিজেন আমদানি করেন। গত বুধবার এক্সপেট্রা, লিন্ডে অক্সিজেন ও ইসলাম অক্সিজেন নামে তিনজন আমদানিকারকের নামে ১৬৩ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। গত ২১ জুন থেকে ১৪ জুলায় পর্যন্ত ভারত থেকে অক্সিজেন আমদানি হয়েছে ১ হাজার ৭৮৪ মেট্রিক টন। বর্তমানে প্রতিদিন গড়ে ১১০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হচ্ছে বলেও জানান তিনি।