পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী চার লঞ্চের প্রয়োজনীয় কাগজপত্র না থকায় মালিকদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে নৌ-পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ জরিমানা করেন।
এ সময় পানসি নামে লঞ্চ মালিককে তিন হাজার, ব্ল্যাকবার্ড নামের লঞ্চ মালিককে পাঁচ হাজার, অনিকা নামে লঞ্চ মালিকে দুই হাজার, ফাতেহা নুর নামের লঞ্চ মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার পান্না লাল নন্দি বলেন, করোনা বিস্তার রোধে কঠোর লকডাউন শিথিল করায় ২২ দিন বন্ধ থাকার পরে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চালু হয় যাত্রীবাহী লঞ্চ চলাচল। এ কারণে লঞ্চের অনেক মালিকই কাগজপত্র নবায়ণ করতে পারে নাই। ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলার যাত্রীর নির্বিঘ্নে পারাপারে করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৩টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে বলে।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, ঈদকে সামনে রেখে পাটুরিয়া লঞ্চঘাট হয়ে গ্রামের বাড়ি যাচ্ছে দক্ষিণ অঞ্চলের মানুষ। এসব যাত্রীদের নির্বিঘ্নে নৌপথ পারাপারের ক্ষেত্রে পাটুরিয়া লঞ্চঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চারটি লঞ্চ মালিককে জরিমানা করা হয়েছে।