যশোরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন। হতাহতরা সকলেই গরু ব্যবসায়ী। পুলিশ দুর্ঘটনাকবলিত ৩টি যান জব্দ করেছে।
বারোবাজার হাইওয়ে পুলিশের এসআই ফিরোজ হোসেন বলেন, গরু কেনার জন্য রোববার (১৮ জুলাই) ভোররাতে পিকআপ করে চুয়াডাঙ্গা থেকে যশোরে আসছিলেন তারা। এক পর্যায়ে যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকায় পৌঁছালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আলিম নামের একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আনার পর মারা যান জহুরুল ইসলাম নামের আরেকজন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্থানান্তর করা হয়েছে। অন্যরা যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা চুয়াডাঙ্গার জীবননগর থানার বাসিন্দা।