করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে ঈদের তৃতীয় দিন থেকেই কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। লকডাউনের প্রথম দিনে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে। শুক্রবার ( ২৩ জুলাই) সকালে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড, কাঁচপুর পয়েন্টে পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়। খুব কমসংখ্যক রিকশা চলছে। মহাসড়কে তেমন কোন যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়নি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুলিশ, র্যাব, বিজিবি ছাড়াও সেনাবাহিনীর ৩টি টিম ও মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের ২৩টি টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমরা মানুষকে সচেতন করতে মাইকিং করছি। যদি কোনো অনাকাঙ্ক্ষিত যান আমরা পাই সেটা রিকশা হোক বা ত্রিহুইলার হোক বা অন্য কোনো কিছু হোক, যৌক্তিক কারণ না থাকলে সেগুলোকে আমরা আটক করেছি।আর সাধারণ মানুষকে আমরা মোটিভেশন দিচ্ছি কোনোভাবে যাতে বাহিরে না আসে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মহাসড়ক ফাঁকা রয়েছে। যৌক্তিক কারণ ছাড়া কোনো গাড়ি হলে আমরা আটক করে মামলা দিচ্ছি।