গান বাজনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে একজন নিহত হয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরে। নিহত শাহআলম হারিয়াকান্দা গ্রামের আহমদ মিয়ার ছেলে। সংঘর্ষে জীবন ও আসাদুল্লাহ নামে আরও দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কুলিয়ারচরের হারিয়াকান্দা গ্রামের কয়েকজন কিশোর ও যুবক ইজিবাইকে করে সাউন্ড বক্স নিয়ে পাশের রামদী গ্রামে যেয়ে রাস্তায় উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। তখন রামদী গ্রামের যুবকরা তাদের গান বাজাতে নিষেধ করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় সংঘর্ষ হয়। সেখানে প্রতিপক্ষের একজনের ছুরির আঘাতে আহত হয় শাহআলম। আহত অবস্থায় শাহআলমকে ভাগলপুর জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।