টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দু’শ বছরের পুরনো ভোজদত্ত ঈদগাহ মাঠ। এ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের বিরোধের কারণে টানা ১০ বছর ধরে সেখানে ১৪৪ ধারা জারি করে আসছে প্রশাসন। এ কারণে ঈদের নামাজ আদায় করতে পারছেন না ৭ গ্রামের মানুষ। বর্তমানে ঈদগাহ মাঠটি জেলা প্রশাসকের তত্বাবধানে রয়েছে।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১২ সালে ভোজদত্ত ঈদগাহ মাঠের আধিপত্য নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোজদত্ত সহ ৫টি গ্রাম ও পাশ্ববর্তী কালিহাতী উপজেলার বীরবাসিন্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বছরেরই ২১ নভেম্বর বিরোধ নিরসনের জন্য দুই উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এক বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে বীরবাসিন্দা গ্রামের আঃ গফুর নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এ অবস্থায় যে কোন সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকায় ২৬ নভেম্বর ঈদুল আযহার দিন জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে স্থানীয় প্রশাসন ভোজদত্ত ঈদগাহ মাঠের আশে পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। একই বছরের ১ ডিসেম্বর আহত গফুর মারা যাওয়ায় দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। সৃষ্টি হয় উত্তেজনার।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। উক্ত ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় টানা ১০ বছর ধরে ঈদগাহ মাঠটিতে ১৪৪ ধারা জারি করে আসছে প্রশাসন। ফলে আশেপাশের ৭ গ্রামের মানুষ ঈদগাহ মাঠে নামাজ আদায় করা থেকে বঞ্চিত হচ্ছে।
বীরবাসিন্দা গ্রামের ডা. আবুল হোসেন বলেন, ঐতিহ্যবাহী এই মাঠটি ১০ বছর ধরে পতিত। কয়েকবার সমাধানের জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমরা আবার এই মাঠে নামাজ পড়তে চাই।
ভোজদত্ত গ্রামের ইউনুস আলী বলেন, আমরা এই অচলাবস্থা নিরসন করে দ্রুত মাঠে নামাজ পড়তে চাই। এজন্য সকলের সহযোগিতা দরকার।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন বলেন, ভোজদত্ত ঈদগাহ মাঠটি বর্তমানে টাঙ্গাইল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে আছে। জেলা প্রশাসনের নিদের্শনা মোতাবেক এবারের ঈদুল আজহার সময় মাঠটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।