শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লক্ষ্মীপুরে ভরা মৌসুমেও জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে মিলছে না প্রত্যাশিত রুপালি ইলিশ। এতে করে স্থানীয় অর্ধ লক্ষাধিক জেলে সম্প্রদায়ের দিন কাটছে চরম হতাশায়। পরিবার পরিজন নিয়ে এখন ভালো নেই তারা। কোন সহায়তা না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। এদিকে নদীতে ইলিশ না পাওয়ার কারণ হিসেবে এ বছর অতি খরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নাব্যতা সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে এ বিশাল সম্প্রদায়ের জীবন জীবিকায় অন্য দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা।

জানা যায়, জেলা মৎস্য অফিসের তালিকা অনুযায়ী জেলার ৫টি উপজেলায় ৪২ হাজার জেলে রয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। তবে এ জেলায় আড়তদার ও মৎস্য ব্যবসায়ীসহ অর্ধলক্ষাধিক জনগোষ্ঠী জেলে ও মৎস্যজীবী হিসেবে জীবিকা নির্বাহ করছেন। জেলায় চলতি বছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্রিক টন। এখানকার ইলিশ সুস্বাদু হিসেবে ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য জেলায় এর চাহিদা রয়েছে ব্যাপক।

মৎস্য অফিসের এমন তথ্য নিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার (২৭ জুলাই) সদর উপজেলার বুড়ির ঘাট, মজু চৌধুরীর হাট, কমলনগরের মতির হাট, বাত্তির ঘাটসহ বেশ কয়েকটি মাছ ঘাট ঘুরে দেখা গেছে পর্যাপ্ত ইলিশ নেই। এসব এলাকার উক্ত ঘাটগুলোতে প্রতি বছর এ সময়ে মৎস্যজীবী জেলে আড়তদার ও ক্রেতারা ইলিশ নিয়ে ব্যস্ত সময় পার করতেন বলে জানান স্থানীয়রা। ইলিশের ভরা মৌসুমে এসে এবার ভিন্ন চিত্র এসব এলাকায়। আড়তদারদের কেউ কেউ অলস সময় পার করছেন এখন। আবার কেউ অন্য ছোট মাছ বিক্রি করতে দেখা গেছে।

এসব এলাকার জেলেরা নৌকা, ট্রলার ও জাল নিয়ে নদীতে যাওয়ার প্রস্তুতি আর নদীতে অবস্থানের দৃশ্যও চোখে পড়ে। তবে তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান তারা।

স্থানীয় জেলে আব্দুল করিম, জয়নাল মিয়া, আবু মাঝিসহ বেশ কয়েকজন জেলের সঙ্গে আলাপকালে তারা জানান, প্রতিদিন ভোরে একটি ট্রলারে ৮ থেকে ১০ জন করে জেলে জাল নিয়ে নদীতে যান। ট্রলারের তেল ও নিজেদের খাবারে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয় তাদের। কিন্তু নদীতে ফেলা তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না এবার। এতে করে খরচ উঠাতেও হিমশিম খেতে হয় তাদের। কেউ কেউ জানান, ধার দেনা করে নদীতে এসে মাছ না পেয়ে ঋণের জালে আবদ্ধ হয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে এখন। কারো কারো অভিযোগ নদীতে মাছ নেই, চলমান লকডাউনেও কাজ নেই, ঘরে চাল-ডাল নেই, সরকারি ত্রাণও মিলছে না তাদের। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে থাকতে হয় বলে জানান অনেকে।

স্থানীয় আড়তদার ফিরণ, রিয়াজ ও হেলাল জানান, অন্যবারের তুলনায় ইলিশ মাছ একেবারেই কম। অনেক জেলে নদী থেকে শূন্য হাতে ফিরছে। কেউ কেউ দু-চারটি ইলিশ নিয়ে ফিরলেও খরচ পোষায় না । দু-চারটি ইলিশ দেখা গেলেও অন্যবারের তুলনায় ইলিশ একেবারেই নেই বললেই চলে। যা আসে তার মধ্যে বড় ইলিশ ১২শ’ থেকে ১৩শ’ টাকা কেজি, মাঝারিটা ৭শ’ থেকে ৮শ’ টাকা, ছোট ইলিশ ৪শ’ থেকে ৫শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানান তারা।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, এবার ২৫ হাজার মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখনো আশানুরূপ ইলিশ মিলছে না। এর কারণ হিসেবে এ কর্মকর্তা বলছেন, এ বছর অতি খরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নদীতে নাব্যতা সংকট রয়েছে তাই ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে ভালো ইলিশ পাওয়া যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চলমান পরিস্থিতিতে অর্ধলক্ষাধিক জেলে সম্প্রদায়ের দুর্দিনের কথা স্বীকার করে এ কর্মকর্তা আরও বলেন, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য দু’টি (টেকসই ব্যবস্থাপনা ও ইলিশ উন্নয়ন )প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা বাস্তবায়ন হলে তাদের শুধু নদীর মাছের উপরই নির্ভর থাকতে হবে না। তাদের জীবন বদলে যাবে বলে মত প্রকাশ করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD