শ্বশুরবাড়িতে বেড়াতে এসে সকালে হাঁটতে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে বাচ্চু মোল্লা (৫৫) নামে এক ব্যবসায়ীর। সোমবার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মোল্লা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পান্নাথপুর গ্রামের মৃত হাজী কোরবান মোল্লার ছেলে। তিনি দাশুড়িয়ার কারিগরপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
সোমবার সকাল ৬টায় নাটোর-পাবনা মহাসড়কের দাশুড়িয়া রেলওয়ে লেবেল ক্রসিং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ফজরের নামাজ আদায় করে বাচ্চু মোল্লা দাশুড়িয়া রেলক্রসিং এলাকায় সড়কে হাঁটছিলেন। সকাল ৬টার দিকে রেলক্রসিংয়ের পাশে রাস্তা পার হতে গিয়ে নাটোর থেকে কুষ্টিয়া অভিমুখী তামাকবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এর পর স্থানীয়রা ট্রাকটি আটক করলে গাড়ির চালক দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা হেলপারসহ ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বাচ্চু জানান, নিহত বাচ্চু মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।