চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মৃত ১৭ জনের পরিবার ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মৃতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই সহায়তা মরদেহ দাফনের জন্য।
জানা গেছে, আজ দুপুর ১২টার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা এলাকার পদ্মাপাড়ে যাত্রীবোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে। ওই নৌকাটিতে মাঝিসহ অন্তত ৫৫ জন যাত্রী ছিলেন। যাদের অধিকাংশই বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে নদী পার হচ্ছিলেন।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাঁকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে মৃতের সংখ্যা ১৭ জন।