বিপুল পরিমাণ মাদকসহ রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গুলশান থানার মাদক মামলায় দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আদালতে হাজির করে তার ২৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টায় প্রথম দফায় ৩ দিনের রিমান্ড শেষে ফের ২৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ। এরপর তাকে আদালতে হাজতখানা রাখা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে রিমান্ড শুনানি হলে এ রিমান্ড মঞ্জুর হয়।
এরআগে সোমবার (২ আগস্ট) পিয়াসার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত রোববার (১ আগস্ট) রাতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালায়। এ সময় তার ঘরে টেবিল থেকে ৪ প্যাকেট ইয়াবা জব্দ করে ডিবি। তার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ফ্রিজে সিসা তৈরির কাঁচামাল পাওয়া যায়।