যে বয়সে স্কুলে যাওয়ার কথা সে বয়সে পিতার চিকিৎসা ও সংসারের হাল ধরতে হয়েছে দশ বছরের শিশু নুর লোকমান চৌকিদারের। লেখাপড়ার অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও অভাবের তাড়নায় দিনের পর দিন খেয়ে না খেয়ে শারীরিক প্রতিবন্ধী পিতার মুখে আহার তুলে দিতে লেখাপড়া বন্ধ করে হোটেল বয়ের কাজ করছে ওই শিশু। বর্তমানে শিশুটির আয়েই চলছে তাদের সংসার।
জানা গেছে, উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের শারীরিক প্রতিবন্ধী আ. লতিফ চৌকিদারের পুত্র নুর লোকমান চৌকিদার। তার বয়স যখন ২ বছর তখন তার মা অন্যত্র বিয়ে করেছেন। সেই থেকে নুর তার বাবার সাথে থাকে। গত বছর তার বাবা আরো অসুস্থ হয়ে পড়লে সংসারের ভার তার কাঁধে এসে পড়ে। এরপর মাসিক ২৫০০ টাকা বেতনে উপজেলার গাজীপুর বন্দরের রফিক তালুকদারের হোটেলে বয়ের কাজ নেয়। প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত তাকে কাজ করতে হয়।
নুর লোকমান আক্ষেপ করে বলে, এত মানুষ সরকারি ঘর পায় আমাকে কেউ একটি ঘর দেয় না। একটি ঘর হলে অসুস্থ বাবাকে নিয়ে ভালোভাবে বসবাস করতে পারতাম।
নুর লোকমানের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, সরকার এতো কিছু দেয় মোরা কিছুই পাই না। হুনি সরকার ভাতা দেয় মোরে কেউ দেয় না। মুই মোর পোলাডারে নিয়া খুব কষ্টে বাইচ্যা আছি।
আঠারগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন মুঠোফোনে বলেন, লোকমান ও তার প্রতিবন্ধী পিতা আ. লতিফ চৌকিদারের খোঁজ-খবর নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, অসহায় লোকমান ও তার পিতার সম্পর্কে খোঁজ নিয়ে তাদের দুঃখ-দুদর্শা লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।