নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলার চকবিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের এসরাইলের ছেলে শাহিন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ির বারান্দায় মায়ের সঙ্গে খেলা করছিল শিশু শাহিন। ঘর থেকে বিদ্যুতের লাইন বের করে টেবিল ফ্যানে বাতাস খাচ্ছিলেন মা ও ছেলে। এ সময় ছেলেকে ফ্যানের কাছে বসিয়ে রেখে পুকুর ঘাটে কাজে যান মুনিরা বেগম।
এদিকে শিশুটি না বুঝেই বিদ্যুৎ লাইনের মাল্টি-প্লাগের সকেটে হাত দিয়ে দেয়। পরে মা মুনিরা বেগম কাজ শেষ করে এসে দেখে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছে। কোন কিছু না বোঝেই ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও সট খায়। পরে লাইন অফ করে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।