যশোরের একটি আবাসিক হোটেল থেকে মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০) নামে দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) রাতে যশোর শহরের যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে। রোববার (২১ আগস্ট) দুপুরে তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মুজাহিদ (কং- ১৭৩৪) ও আজম মোল্যা (কং-১৩১১৬, বরখাস্ত ) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান। সেখানে তাদের হেফাজত থেকে ২ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি লাইটার উদ্ধার করেন।
তিনি জানান, এ দু’জন মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
আটক মুজাহিদ যশোরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে। বাবার নাম আব্দুল জব্বার মোল্যা। এছাড়া আজম মোল্যা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন এবং সাময়িক বরখাস্ত। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।