ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যার শামীমা নাসরিনের মুক্তির দাবিতে আদালতের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ বিক্ষোভ করেন তারা।
আজ দুপুর ২টায় রাসেল ও তার স্ত্রীকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাদের কারাগারের গারদে রাখা হয়। বেলা ৩টায় তাদের আদালতে তোলা হয়। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
প্রতারণার অভিযোগে গুলশান থানায় এক গ্রাহকের করা মামলায় ইভ্যালির সিইও মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর আতিকুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এ খবর শোনার পর ৪০-৫০ জন গ্রাহক আদালতের সামনে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদে দাবি, রাসেলকে গ্রেপ্তার না করা হলে তারা দ্রুত পণ্য অথবা টাকা ফেরত পেতেন। তবে রাসেল ও তার স্ত্রীকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ায় তাদের টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এসময় বিক্ষোপকারীদের একজনকে আটক করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নাজমুল হোসেন জানান, বিক্ষোভকারীদের আদালতের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় একজনকে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়ে দেওয়া হতে পারে।