চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে মাহিন্দ্র ও ট্রাক্টরের সংঘর্ষে এক নারীসহ দু’জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ফারুক নামে একজনকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম(৩৮) ও নওগাঁর ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের কিতাব উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৪৫)।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে রহনপুরগামী মাহিন্দ্রকে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর ধাক্কা দিলে মাহিন্দ্রটি রাস্তার পাশে উল্টে যায়। এতে মাহিন্দ্রের যাত্রীরা হতাহত হন। এ সময় আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আরেক জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।