বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়কের কথা নিশ্চিত মনে আছে। ১৮ শেষে ১৯ এ পা রাখা এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানের জয় পেয়েছিল লাল-সবুজরা। ৪৫ রানে ছয় উইকেট তুলে ম্যাচ সেরা হয়েছিলেন তরুণ এনামুল। বাম-হাতি এই স্পিনারের বয়স এখন ৩৪। আবারও শিরোনামে তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সিলেট বিভাগে হয়ে খেলা এনামুল।
বুধবার (৩ নভেম্বর) জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচের শেষ দিনে সিলেটের সামনে প্রতিপক্ষ ছিল রংপুর বিভাগ।
এই ম্যাচে নামার আগে সাদা পোশাকে বল হাতে তুলেছিলেন ৪৯৬ উইকেট। প্রথম ইনিংসে তিন ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট তুলে নিয়ে সিলেটের এই স্পিনারের মোট উইকেট ৫০১।
দ্বিতীয় বাংলাদেশি এলিট ক্লাবে প্রবেশ করেছেন এনামুল। মাইলফলক স্পর্শ করকে ১৩৬তম প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।
সাবেক টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক প্রথমবারের মতো ৫০০ উইকেটের গণ্ডি অতিক্রম করেছিলেন। ১১৩তম ম্যাচে এই মাইলফলকে পৌঁছান তিনি। অবসরে যাওয়ার আগে রাজ্জাকের নামের পাশে যোগ হয় ৬৩৪ উইকেট। যা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ।
উইকেটের শিকারির তালিকায় রাজ্জাক-এনামুলের পরই রয়েছেন মোহাম্মদ শরীফ। তৃতীয় স্থানে থাকে এই পেসার ১৩২ ম্যাচে তুলেছেন ৩৯৩ উইকেট
মোশাররফ হোসেন রুবেল চতুর্থ ও সাকলায়েন সজীব আছেন পঞ্চম স্থানে।
যথাক্রমে ১১২ ম্যাচে ৩৯২ এবং ৯৪ ম্যাচে ৩৬৯ উইকেট রয়েছে তাদের নামের পাশে।