শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন

আরেক দফা কমল স্বর্ণের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। ভরিতে এক হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি
ভরি এক লাখ ৩২ হাজার এক টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

এর আগে গত ২৩ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় ভরিতে এক হাজার ২৪৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২৭ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD