চলমান তাপপ্রবাহের মধ্যে শুক্রবার ইতালির ১৮টি প্রধান শহরে রেড অ্যালার্ট জারি করায় দেশজুড়ে জরুরি বিভাগে রোগীর ভর্তি বেড়েছে।
আনসা সংবাদ সংস্থার বরাত দিয়ে ইতালীয় সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনের সভাপতি আলেসান্দ্রো রিকার্ডি বলেন, “আমরা বড় শহরগুলোর জরুরি বিভাগে রোগীর ভর্তি ১০-১৫% বৃদ্ধির অনুমান করতে পারি।” রিকার্ডি বলেন, ভর্তির এই বৃদ্ধি সীমিত এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় উচ্চ তাপমাত্রার কারণে জেনোয়া, ফ্লোরেন্স, মিলান, রোম, তুরিন এবং ভেনিসসহ ১৮টি প্রধান শহরে রেড অ্যালার্ট জারি করেছে।
ধারণা করা হচ্ছে, এই তাপপ্রবাহের কারণে দেশজুড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
প্রচণ্ড গরম ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সমস্যার কারণে পালেরমোর আদালত ২৯শে জুন পর্যন্ত শুনানি স্থগিত করেছে, অন্যদিকে ফ্লোরেন্সের উফিজি গ্যালারি রবিবার পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ রেখেছে এবং শুধুমাত্র আগে থেকে টিকিট বুক করা দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিয়েছে।
শুক্রবার ইতালির বেশিরভাগ অংশে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮৬ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।