শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

ক্রিকেটে নতুন কোচ নিয়োগ নিয়ে যা বললেন বিসিবির প্রধান নির্বাহী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তারা বাংলাদেশে আসছে। গুরুত্বপূর্ণ এ সিরিজের দুই মাস আগে টাইগারদের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন রাসেল ডমিঙ্গো। ফলে সাকিব-তামিমদের নতুন হেড কোচ কে হবেন তা নিয়ে চলছে আলোচনা।

গুঞ্জন রয়েছে আবারো টাইগারদের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে হাথুরুসিংহের পাশাপাশি আরও কয়েকটি নামের চর্চাও চলছে। তাহলে কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ?

এ বিষয় বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই কোচ চূড়ান্ত করার কাজটি শেষ করতে চান তারা।

নিজামউদ্দিন বলেন, আসলে হেড কোচ নিয়োগ কিন্তু এরকম করে হয় না যে, ঠিক আমি এখনই বলে দিতে পারব। আমাদের একজন গতকালই পদত্যাগ করেছে। এ পজিশনটা যেহেতু খালি হয়েছে আমরা এ ব্যাপারে কাজ করব। যখন বিষয়টা পুরোপুরি নিশ্চিত হবে ও ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারব।

তার মতে, আগে থেকে তথ্য জানিয়ে দিলে বিসিবি যাদের সঙ্গে যোগাযোগ করছে, বিষয়টা তাদের জন্য হবে বিব্রতকর। প্রধান নির্বাহী বলেন, ‘এর আগে কোনো নাম আমাদের দিক থেকে বলা ঠিক হবে না। যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বা হবে তাদের জন্যও বিষয়টা বিব্রতকর হবে। আমরা চাইব বিষয়টা আপনারা এভাবেই দেখেন। যেহেতু জাতীয় দলের হেড কোচ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব আনার ব্যাপারে কাজ করব।’

ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের আগেই কোচ নিয়োগ চূড়ান্ত করতে চান বলে জানান নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ইংল্যান্ড-বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে সময় পাচ্ছি মাঝে বিপিএলেরর সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কিনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD