বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

গত ১৭ বছরে কিশোরদের অপরাধে জড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নজরদারি এবং শিক্ষার্থীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তার মতে, গত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, যা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বেও রয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বক্তব্যের বিষয়টি জানানো হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগে কিশোর গ্যাং বলতে কিছু ছিল না। কিন্তু বিগত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই অপরাধপ্রবণতা রোধ করতে হবে, যেন তা আর বাড়তে না পারে।’

কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের নির্দেশনা দেন। তিনি বলেন, শিক্ষা কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলে এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রমের ওপর নজর রাখলে অনেক সমস্যার সমাধান সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে নিজ নিজ দায়িত্ব পালনের ওপরও জোর দেন প্রতিমন্ত্রী। কৃষি কর্মকর্তাসহ সব বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেককে নিজের কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সভায় বিভিন্ন খাতের কার্যক্রমের অগ্রগতি ও জবাবদিহি পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। উদারতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে সরকারের কোনো ঘাটতি নেই। আগের সরকার সব ক্ষেত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি রাষ্ট্রকে পুনরায় এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার ও সানজিদা ইসলাম তুলি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD