স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ভ্যাকসিনের কোন ঘাটতি নেই। হাতে এক কোটির ওপরে ভ্যাকসিন আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব মানুষকেই ভ্যাকসিন দেওয়া হবে। সেজন্যই আমরা ২১ কোটি ডোজ ভ্যাকসিন কিনে রেখেছি। সেখান থেকে এ মাসে অন্তত তিন কোটি ডোজ ভ্যাকসিন আসবে।
রোববার (৭ নভেম্বর) গাজীপুরের কাশিমপুরে নতুন একটি ঔষধ কোম্পানি ডিবিএল ফার্মাসিউটিক্যালসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আগামী মাসেও একই হারে আসবার কথা রয়েছে। ইতিমধ্যেই অন্তত ৭ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই অন্তত ১২ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। সেটি করা গেলে করোনায় মৃত্যুহার শূন্যের কোটায় নামানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ওষুধ দেশীয় চাহিদার ৯৮ ভাগ পূরণ করেও বিদেশে রফতানি করে প্রচুর আয় করছে। বাংলাদেশের ওষুধ এখন বিশ্বের ১৪৫টি দেশে রফতানি করা হচ্ছে। এই ওষুধ বিদেশে রফতানি করে গত ছয় বছরে ৫ বিলিয়ন আয় থেকে এখন ৩১ বিলিয়ন রফতানি আয় করা সম্ভব হয়েছে।পাশাপাশি, দেশের প্রায় ৯৮ ভাগ মানুষকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে দেশের ওষুধ দিয়েই।
গার্মেন্টস ফ্যাক্টরির পর দেশের অন্যতম একটি বড় আয়ের উৎস হতে যাচ্ছে ওষুধ কোম্পানি। তবে দেশে যেনো কোন ভেজাল ওষুধ না থাকে ও মানসম্পন্ন এবং সাশ্রয়ী ওষুধ হয় তার জন্য আমরা একটি নতুন ঔষধ নীতিমালা করতে যাচ্ছি। এতে করে দেশের বাজারে অকারণে কেউ আর মূল্য বৃদ্ধি করতে পারবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত এমপি, কেন্দ্রীয় ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান, ডিবিএল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।