অবশেষে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক-প্রযোজক অনন্ত জলিল অভিনীত নতুন ছবি ‘দিন : দ্য ডে’ শুটিংয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। ২০ অক্টোবর ছবির শেষ লটের শুটিং শুরু করবেন অনন্ত- গতকাল এমন তথ্য জানিয়েছেন এ অভিনেতা।
শুটিংয়ের উদ্দেশে ১৮ অক্টোবর ইউনিট নিয়ে তুরস্কে যাবেন অনন্ত। ইউনিটে স্ত্রী চিত্রনায়িকা বর্ষাসহ ছোট্ট একটি টিমও থাকবে। স্বাভাবিক সময়ে বিশাল বহর নিয়ে শুটিং করলেও করোনার কারণে এবারের তুরস্ক সফরে টিম ছোট করতে হয়েছে। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমাদের এ ছবির শুটিং চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল।
বাংলাদেশ, ইরান, আফগানিস্তানে শুটিং করেছি। এরই মধ্যে ছবির ৮০ শতাংশ কাজও শেষ হয়েছে। বাকি শুটিং তুরস্ক ও ইউরোপের কয়েকটি দেশে করার পরিকল্পনা করেছি; কিন্তু করোনার কারণে সব ভেস্তে গেছে। তবে তুরস্কের অংশটুকু রাখতেই হচ্ছে।
এ কারণে ১৮ অক্টোবর আমরা দেশটিতে যাচ্ছি। এরই মধ্যে সেখানে শুটিংয়ের অনুমতিও পেয়েছি। আমরা ইস্তাম্বুল, আনাতোলিয়াসহ কয়েকটি লোকেশনে শুটিং করব। ফাইট, চেজিং ও গানের শুটিংয়ের জন্য প্রস্তুতি আছে। সবমিলিয়ে এবারের লটে ছবির শতভাগ কাজ শেষ করার ইচ্ছা আছে।’ শুটিং করতে তুরস্কে ১৫ দিন অবস্থান করবেন বলে জানিয়েছেন অনন্ত।
ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মোস্তফা অতাশ জমজম। ছবিতে অনন্ত একজন দেশপ্রেমিক আন্ডারকভার লইনফোর্সমেন্ট এজেন্ট হিসেবে অভিনয় করছেন।
আন্তর্জাতিক পর্যায়ে মাদক ও অস্ত্র ব্যবসার প্রসার ও প্রতিরোধ নিয়ে এ ছবির গল্প তৈরি হয়েছে। পাশাপাশি রয়েছে প্রেম ও বিরহের গল্প। ছবিতে অনন্ত-বর্ষা ছাড়াও লেবানন, ইরান ও হলিউডের বেশ ক’জন শিল্পী অভিনয় করছেন। কাজ শেষ করে ছবিটি আগামী বছরের শুরুর দিকে মুক্তি দেয়ার কথা জানিয়েছেন অনন্ত।
লাইটনিউজ