শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন: পরীমণি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গত ৩১ আগস্ট চিত্রনায়িকা পরীমণির জামিন মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, কারাগার থেকে বেরিয়ে বাড়ি ফেরার পর ঢালিউডের এই অভিনেত্রীকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়। সংবাদমাধ্যমে সে কথা নিজেই জানিয়েছিলেন পরীমণি।

এবার নিজের নিরাপত্তা চাইলেন এই অভিনেত্রী। সোমবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণি লিখেছেন, “দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।”

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পর দিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা উল্লেখ করা হয়।

ওই দিনই পরীমণিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

সবশেষ গত ১৯ আগস্ট পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তৃতীয় দফা রিমান্ড শেষে ২১ আগস্ট আদালতে হাজির করা হলে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২২ আগস্ট পরীমণির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

পর দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমণির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমণির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন।

আদেশের অনুলিপি পাওয়ার দুদিনের মধ্যে পরীমণির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে ২২ আগস্ট পরীমণি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পরের তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট।

১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়। আর হাইকোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD