মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

নেত্রকোনায় জঙ্গি সন্দেহে স্কুলছাত্রী গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

সন্ত্রাসি কর্মকাণ্ডে জড়িত অভিযোগে শারমিন আক্তার (১৭) নামে এক কিশোরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩-এর একটি আভিযানিক দল। শারমিন নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মুগরাটিয়া-কান্দাপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে এবং দক্ষিণ বিশিউড়া এলাকার মৌলভী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে তার নিজ গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-৩ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. ইফতেখার বাদী হয়ে নেত্রকোনা থানায় মামলা করেন।

আজ শনিবার বিকেলের দিকে শারমিনকে আদালতে সোপর্দ ও তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। নেত্রকোনা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শারমিন তার মোবাইলে ইন্সটল করা ‘টেলিগ্রাম’ মেসেঞ্জারের মাধ্যমে দীঘদিন ধরে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তথ্য আদান-প্রদান এবং প্রধানমন্ত্রীসহ দেশবিরোধী আলোচনার বার্তা সংগ্রহ করে আসছিল। সে আনসার আল ইসলামের সদস্য বলে অভিযোগ রয়েছে।

গোপনসূত্রে বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব-৩ এর ডিএডি মো. ইফতেখারের নেতৃত্বে একটি দল শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কান্দাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। জানা যায়, শারমিন ‘আড়াল’ নামে ফেসবুক আইডি ব্যবহার করে ভিডিওসহ বিভিন্ন বার্তা সরবরাহ করত।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, র‌্যাব-৩-এর একটি দল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শারমিনকে নিয়ে থানায় আসে। শারমিনের বিরুদ্ধে র‌্যাব-৩ এর ডিএডি মো. ইফতেখার হোসেন বাদী হয়ে শারমিনসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মামলা করেন। আজ শনিবার সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮ ও ৯ ধারার মামলা রজু করে দুপুরে শারমিনকে আদালতে সোপর্দ করা হয়। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD