অবিশ্বাস্য পারফরম্যান্স, ম্যাচের মাঝপথে মাঠে নামাজ পড়া এবং বুকে ব্যথা নিয়ে আইসিইউতে ভর্তি, সেখান থেকে সরাসরি সেমিফাইনালে খেলতে নেমে হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের একজন ছিলেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া পুরস্কার মঞ্চেও তিনি থাকলেন আলোচনায়। দুই দুটি পুরস্কার পেয়েছেন এই ওপেনার। টি-টোয়েন্টির বর্ষসেরার সঙ্গে হয়েছেন ভ্যালুয়েবল ক্রিকেটার। আর ওয়ানডেতে পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অধিনায়ক বাবর আজম।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করার স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃহস্পতিবার খেলোয়াড়দের পুরস্কৃত করেছে পিসিবি। ২০২১ সালে ৪৫৫ টেস্ট, ১৩৪ ওয়ানডে ও ১৩২৬ টি-টোয়েন্টি রান করার পাশাপাশি উইকেটের পেছন থেকে ৫৬ ব্যাটসম্যানকে মাঠছাড়া করে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হয়েছেন রিজওয়ান। ২৯ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরিতে সাজানো ছিল তার গত বছরের টি-টোয়েন্টি পারফরম্যান্স।
গত বছর পাকিস্তান খুব বেশি ওয়ানডে খেলেনি। ৬ ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ৪০৫ রান করে ৫০ ওভারের ক্রিকেটের বর্ষসেরা হয়েছেন বাবর। ৯ টেস্ট খেলে ৪১ উইকেট নেওয়া হাসান আলী হয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার।
দুবাইয়ে ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের ৩১ রান খরচায় ৩ উইকেট নেওয়ায় বর্ষসেরা ইম্প্যাক্টফুল পারফরম্যান্সের অ্যাওয়ার্ড জিতেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন নিদা দার। স্বপ্নের মতো বছর কেটেছে তার। পাকিস্তান উইমেন’স কাপে ১৪৬ রান ও ১৪ উইকটে নেন তিনি। এছাড়া ১০ ওয়ানডেতে ৩৬৩ রান ও ৬ উইকেট এবং ৬ টি-টোয়েন্টিতে ৯৫ রান ও ৫ উইকেট।