ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। বর্তমানে ভারতে এটির শুটিং চলছে। বাংলাদেশি বেশ কয়েকজন অভিনয়শিল্পী এখন সেই বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত। এ ছবিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয়ের কথা ছিল চিত্রনায়ক ফেরদৌসের।
গণমাধ্যমে চূড়ান্ত হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন এ নায়ক। বলেছেন কিছুদিনের মধ্যেই ভারত গিয়ে ইউনিটের সঙ্গে যোগ দেবেন তিনি। এরপর কোনো আওয়াজ নেই। হঠাৎই জানা গেল, একই চরিত্রে চিত্রনায়ক রিয়াজ ভারত থেকে প্রথম লটের শুটিং করে দেশেও ফিরেছেন। ছবিতে নিজের অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে রিয়াজ বিশেষ কিছু বলেননি। তবে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করার বিষয়টি বেশ সম্মানজনক একটি বিষয়। আমি এতে তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করছি। শুটিংয়ের অভিজ্ঞতা ভালো। সবাই সহযোগিতাপূর্ণ পরিবেশে কাজ করছেন। কিছুদিন পর আবারও এ শুটিং ইউনিটে যোগ দেব। এটি আমার অভিনয় জীবনের একটি মাইলফলক।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে চরিত্রে চূড়ান্ত হওয়া সত্ত্বেও ফেরদৌস ভারতে গিয়ে ইউটিনের সঙ্গে যোগ দিতে পারেননি। এ কারণে তাকে বাদ পড়তে হয়েছে। তার পরিবর্তে রিয়াজকে নেওয়া হয়েছে। ফেরদৌসের ভিসা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে জানা গেছে, ২০১৯ সালে ভারতের জাতীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর পক্ষে ভিনদেশি হিসাবে প্রচারণায় অংশ নেওয়ার কারণে দেশটির কেন্দ্রীয় সরকার ফেরদৌসের ভিসা বাতিল করে তাৎক্ষণিক তাকে দেশে পাঠিয়ে দেয়। এমনকি সে দেশে তাকে কালো তালিকাভুক্তও করা হয় বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে তখন প্রকাশ হয়।
এরপর কলকাতায় সিনেমার কাজ থাকা সত্ত্বেও সেখানে আর যেতে পারেননি এ নায়ক। অবশেষে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ে অংশগ্রহণ করার প্রক্রিয়ার মাথ্যমে দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার কালো তালিকাভুক্তের বিষয়টি শিথিল করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটাও হয়নি। এদিকে দেশে বর্তমানে ফেরদৌসের হাতে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ নামে একটি ছবির কাজ রয়েছে। এ ছবিটি প্রযোজনা করছেন তিনি। আরও কাজ করছেন হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১-সেইসব দিন’ নামে সরকারি অনুদানের একটি ছবিতে। অন্যদিকে রিয়াজ ‘অপারেশন সুন্দরবন’ নামের একটি ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন। এ ছাড়া দীপ্ত টিভির ‘কাজল রেখা’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন কিছুদিন আগে।
লাইটনিউজ