শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বিয়ের সাজে ছবি পোস্ট করে বিড়ম্বনায় নিলয়-তাসনুভা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

মেহেদি রঙে রাঙানো হাত। পরনে লাল টুকটুকে শাড়ি। গা-ভর্তি গহনা। মুখে খেলে যাচ্ছে এক চিলতে হাসির ঢেউ—বিয়ের এমন সাজে ক্যামেরাবন্দি হয়েছেন আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। ছবিটি গত ৩০ অক্টোবর এ অভিনেত্রী তার ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘বউ বউ লাগছে’। এরপর অনেকে তাকে শুভেচ্ছা জানান, আবার অনেকে তার ছবি নিয়ে মজা করে মন্তব্য করেন।

এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু গত ১ নভেম্বর মডেল-অভিনেতা নিলয় আলমগীর তার ফেসবুকে ক্যাপশন ছাড়া একটি ছবি পোস্ট করে তাসনুভা তিশাকে ট্যাগ করেন। আর এতে তাদেরকে বর-কনের সাজে দেখা যায়। ছবিটি পোস্ট করার পর নাট্যাঙ্গনের অনেকে শুভেচ্ছা জানান। এ তালিকায় রয়েছেন—শ্যামল মাওলা, জিনাত স্বাগতা প্রমুখ। মূলত এরপরই তৈরি হয় বিড়ম্বনা। কারণ নিলয়-তাসনুভা সত্যি বিয়ে করেছেন ভেবে এ জুটিকে অনেকে অভিনন্দন জানান।

অভিনন্দন জানানোর প্রক্রিয়াটা শুধু ফেসবুকে থেমে থাকেনি, তা গড়ায় মুঠোফোনেও। এরপর নিলয় আলমগীর ছবিটির ক্যাপশন দেন—নাটক: তোমাকে চাই। পরিচালক: ফজলুল সেলিম।

এ বিষয়ে তাসনুভা তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন—নাটকটির প্রচারের জন্যই ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছিলাম। আর তাতে বিনোদন অঙ্গনের কয়েকজন বন্ধু-সহকর্মী মজা করে শুভেচ্ছা জানায়। সেটাকে অনেকে সত্যি ভেবে শুভেচ্ছা জানিয়েছেন।

কয়েক দিন আগে ‘তোমাকে চাই’ নাটকের দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এছাড়াও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, আবদুল্লাহ রানা প্রমুখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD