শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

যুব এশিয়া কাপে ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপ জয়ের আগে এশিয়া কাপ জয়ের সূবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের। ভারতের কাছে ৫ রানে হেরে তীরে এসে তরী ডুবায় আকবর আলীরা। তবে মাস পাঁচেক পরই যুব বিশ্বকাপ জিতে আকবররা প্রথমবার বৈশ্বিক কোনো শিরোপা উপহার দেয় বাংলাদেশকে। ফাইনাল জিতেছিল সেই ভারতের বিপক্ষে।

গত আসরের চ্যাম্পিয়ন ভারত আজ যুব এশিয়া কাপের যাত্রা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে। এবার রানার্সআপদের ভালো শুরুর অপেক্ষা। শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে অধিনায়ক রাকিবুল হাসান। ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক বলেছেন,‘আগামীকাল আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভালো ক্রিকেকটা সেখানে খেলতে চাই।’

যুব এশিয়া কাপে অংশ নিতে গত মঙ্গলবার আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ যুব দল। একদিনের কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার অনুশীলন করে যুবারা। নিজেদের প্রস্তুতিতে বেশ সন্তুষ্ট রাকিবুল। নিজের দল নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি,’দলটা খুব ভালো অবস্থায় আছে। সবাই সুস্থ আছে। আজ আমাদের প্রথম অনুশীলন সেশন করেছি। কাল সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। একদিন কোয়ারেন্টাইনে থেকে আমরা এখানে অনুশীলন করেছি। ভালো অনুশীলন হয়েছে। আমরা পুরো প্রস্তুত কালকের ম্যাচের জন্য।’

বাংলাদেশ পরের দুই ম্যাচ কুয়েত ও শ্রীলঙ্কার বিপক্ষে। ২৫ ও ২৮ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এদিকে যুব এশিয়া কাপের উদ্বোধনী দিনে ভারত বাদে জয় পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারত সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ১৫৪ রানে। এছাড়া পাকিস্তান ৬ উইকেটে আফগানিস্তানকে এবং শ্রীলঙ্কা ২৭৪ রানের বিশাল জয় পায় কুয়েতের বিপক্ষে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD