শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম :

রাতে প্রচার হবে ‘ইত্যাদি’র নতুন পর্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

রাতে প্রচার হবে ঈশা খাঁ’র বাড়িতে ধারণকৃত ‘ইত্যাদি’। দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব ধারণ করা হয়েছে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে। এবারের পর্বে নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিয়ে রয়েছে বিশেষ আয়োজন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মোগল শাসক ঈশা খাঁ’র স্মৃতি বিজড়িত বড় সর্দারবাড়ির সামনে নতুন পর্বের শুটিং হয়। বড় সর্দারবাড়ির সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা হয় আলোকিত মঞ্চ।

সোনারগাঁয়ে নদীতে ভাসমান বেদে পরিবার, চর্মকার, চরাশ্রয়ী জেলে ও অন্ত্যজ সম্প্রদায়ের পরিবারের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক আত্মপ্রত্যয়ী যুবক শাহেদ কায়েসের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন।

থাকছে ব্যতিক্রমী মানুষ প্রকৃতি প্রেমিক বৃক্ষ সেবক খাইরুল আলমের ওপর সচেতনতামূলক প্রতিবেদন। আরও দেখা যাবে গ্রিসের প্রাচীন নিদর্শন ঐতিহ্যবাহী অ্যাক্রোপোলিসের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন।

এবারের অনুষ্ঠানে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল। একটি গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। অন্যটি মনিরুজ্জামান পলাশের লেখা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় অর্ধ শতাধিক নৃত্যশিল্পী।

নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস নাট্যাংশ। এই পর্বটি শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে শুধুমাত্র বিটিভি ওয়ার্ল্ডে।

বরাবরের মতো ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

সবসময় ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হলেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সম্প্রচারের কারণে শুধুমাত্র বিটিভি ওয়ার্ল্ডেই অনুষ্ঠানটি সম্প্রচার হবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD