রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হচ্ছে সৌমিত্রকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

আশঙ্কা বাড়িয়ে অত্যন্ত সংকটজনক প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিড এনসেফেলোপ্যাথিতে মস্তিষ্ক স্বাভাবিক কাজ করছিল না তার। কিডনির সমস্যাও দেখা দিয়েছে তার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হয়েছে।

কি এই থেরাপি? সাধারণত দুটি কিডনি স্বাভাবিক কাজকর্ম বন্ধ করে দিলে এই থেরাপির প্রয়োজন হয়। হেমোডায়ালিসিস, হেমোফিল্টারেসন এবং হেমোডায়াফিল্টারেসন-এর মাধ্যমে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি করা হয়। তাতেও কাজ না হলে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন এই অভিনেতা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চিকিৎসকরা জানিয়েছেন অনেক চেষ্টা সত্ত্বেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছে না। বেড়ে চলেছে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। সম্পূর্ণ ভেন্টিলেশনেও তার অক্সিজেন স্যাচুরেশন রয়েছে ৯৫ শতাংশ। ব্যাকটেরিয়াল সংক্রমণও রয়েছে তার শরীরে। এই মুহূর্তে মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক রয়েছে ৯-এর কাছাকাছি। যা আতঙ্ক বাড়িয়েছে চিকিৎসকদের।

সোমবার (২৬ অক্টোবর) প্রবীণ অভিনেতার শরীরে ব্লাড কাউন্ট ওঠানামা করছিলো। তবে মঙ্গলবার তা স্বাভাবিক জায়গায় এসেছে।

চিকিৎসকরা আরও জানিয়েছে, গ্যাস্ট্রোইনটেস্টিনাল ব্লিডিং হচ্ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে আপাতত তা বন্ধ করা গিয়েছে। সবমিলিয়ে ৮৫ বছরের অভিনেতার শারীরিক অবস্থাকে হিমোডায়ানামিকালি স্টেবল বলছেন চিকিৎসকরা।

টানা ২২ দিন ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির পর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD