গত বছরের শেষদিকে নতুন ছবি ‘দিন : দ্য ডে’র শুটিংসহ আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঢাকাই ছবির তারকা জুটি অনন্ত ও বর্ষা। সে সময় ছবির প্রায় আশি ভাগ কাজ শেষ হয়ে যায়। বাকি অংশের শুটিংয়ের জন্য ইউরোপ ও তুরস্কের কয়েকটি লোকেশন নির্ধারণ করা হয়েছিল।
সময়ও ঠিক করা ছিল মার্চ-এপ্রিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে বিমান যোগাযোগসহ সব ধরনের কাজ বন্ধ হয়ে যায়। তাই বাধ্য হয়ে ‘দিন : দ্য ডে’র কাজও বন্ধ রাখতে হয়েছে অনন্তকে। করোনাভাইরাসের প্রভাব পুরোপুরি না কাটলেও বিশ্বের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে এখন।
সীমিত আকারে প্রায় সব ধরনের কাজও শুরু হয়েছে। তাই ছবির বাকি অংশের শুটিং শেষ করার প্রস্তুতি নিয়েছেন অনন্ত জলিল। আপাতত তুরস্কেই শুটিং করতে চাইছেন এ তারকা জুটি। প্রাথমিকভাবে শুটিং স্পটও ঠিক করেছেন।
তুরস্কের ইস্তাম্বুল ও আনাতলিয়ায় শুটিং করবেন তারা। এ সংক্রান্ত অনুমতিও মিলেছে। এখন বাকি আছে ভিসাসংক্রান্ত কিছু কাজ। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘অক্টোবরেই তুরস্কে শুটিং করার ইচ্ছা আছে। কারণ ডিসেম্বরের দিকে দেশটিতে শীত চলে আসে। তখন আর শুটিং করা সম্ভব নয়। তুরস্কে যেটুকু শুটিং করার কথা ছিল সেটি এখনই শেষ করতে চাই। ভিসার কার্যক্রম চলছে। যদি সময়মতো মিলে যায় তাহলে অক্টোবরের মাঝামাঝি শুটিংয়ে যাব।’
এ ছবি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘অনেকদিন হল ছবির কাজ শুরু করেছি। চলতি বছরের শুরুতেই শেষ হয়ে যেত; কিন্তু মাঝে করোনাভাইরাসের কারণে সেটি আর সম্ভব হয়নি। এখন যেহেতু বিশ্বজুড়ে কাজকর্ম স্বাভাবিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে, তাই আমরাও শুটিং করার সিদ্ধান্ত নিয়েছি।’ প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন : দ্য ডে’। ছবিটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এর আগে এ ছবির শুটিং হয়েছে বাংলাদেশ, ইরান ও আফগানিস্তানে। ছবিতে অনন্ত-বর্ষা ছাড়াও ইরান এবং লেবাননসহ কয়েকটি দেশের শিল্পীরা অভিনয় করছেন।
লাইটনিউজ