রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শুরু ‘প্রীতিলতা’র শুটিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

শুরু হলো বহুল আলোচিত ‘প্রীতিলতা’ ছবির শুটিং। রোববার (১ নভেম্বর) ঢাকার উত্তরায় প্রথম দিনের শুটিং হয়। আগামী ৬ নভেম্বর পর্যন্ত ঢাকার উত্তরা, নিকেতন, পুরান ঢাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং টানা চলবে বলে জানা গেছে।

‘প্রীতিলতা’য় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

প্রথম দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন পরীমনি, তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।

পরীমনি বলেন, ‘সবে তো শুরু করলাম। প্রথম দিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্য নির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে।’

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রথম লটটা আমরা ঢাকাতেই করব। এরপর চট্টগ্রামে চলে যাবো। সেখানেই আমাদের মূল কাজ হবে। প্রথম দিনের শুটিংয়ে আমি এবং আমার টিম খুব খুশি। টিমের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন। পরী সত্যিই খুব ভালো অভিনয় করছেন।’

ইউফরসির ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল, চিত্রগ্রহণে আছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম, ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ। ছবির জন্য গান গেয়েছেন কবির সুমন।

টিম প্রীতিলতার চেয়ারম্যান মুহিদ হাওলাদার বলেন, ‘দীর্ঘ প্রতিক্ষার পর আমরা শুটিং শুরু করতে পারলাম। এটা আনন্দের খবর। সকলের সহযোগিতা আর পরামর্শ নিয়ে বাকি পথটাও পারি দিতে চাই আনন্দ মনে।’

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহন করেন প্রীতিলতা তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সাথে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মহুতি দেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD