শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

শ্রীদেবীর কারণেই রাজামৌলি-বনি কাপুরের দ্বন্দ্ব!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

‘বাহুবলি’ সিনেমাখ্যাত নির্মাতা এস এস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। আগামী ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এদিকে একই দিনে মুক্তি পাবে বলিউড নির্মাতা বনি কাপুরের ‘ময়দান’। সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই তাদের বক্স অফিস লড়াইয়ের বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে।

জানা গেছে, বক্স অফিস লড়াইয়ে প্রথমবার মুখোমুখি হলেও তাদের দ্বন্দ্ব অনেক আগে থেকেই। মূলত বনি কাপুরের স্ত্রী প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে নিয়েই তাদের দ্বন্দ্বের শুরু।

‘বাহুবলি’ সিনেমায় রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয়ের জন্য শ্রীদেবীকে প্রস্তাব দিয়েছিলেন রাজামৌলি। কিন্তু এই অভিনেত্রীর পক্ষ থেকে বনি কাপুর মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন। এরপর শ্রীদেবীর পরিবর্তে অভিনেত্রী রামায়া কৃষ্ণাকে বেছে নেন রাজামৌলি।

পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে ‘বাহুবলি’ সিনেমা থেকে শ্রীদেবীকে বাদ দেওয়া প্রসঙ্গে রাজামৌলি জানান, এই অভিনেত্রীর বেশ কিছু দাবি ছিল, যা তিনি পূরণ করতে পারেননি, এই কারণে শ্রীদেবী অভিনয় করেননি।

কিন্তু জনসম্মুখে রাজামৌলির এমন বক্তব্যে নাখোশ হয়েছিলেন শ্রীদেবী ও বনি কাপুর। অপর এক সাক্ষাৎকারে শ্রীদেবী বলেন, ‘প্রথমত, আমি বিশ্বাস করতে পারছি না রাজামৌলি এ ধরনের কথা বলতে পারেন। দ্বিতীয়ত, আমি কোনো দাবি করিনি। বাহুবলি নিয়ে যা হয়েছে সব এখন অতীত। এরকম অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাব আমি ফিরিয়েছি। কিন্তু কোনো সিনেমা না করার জন্য এ ধরনের কথা খুবই অভদ্রতা।’

যদিও সাক্ষাৎকারে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন রাজামৌলি। তিনি বলেন, ‘কার কথা বিশ্বাস করবেন এটা জনগণের ব্যাপার। তবে একটা বিষয় নিশ্চিত, জনসম্মুখে এমন কথা বলা আমার উচিত হয়নি। এটা ভুল ছিল। আমি এজন্য দুঃখিত।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD