শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :

ষাঁড়ের সঙ্গে লড়বেন সুরিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা সুরিয়া। অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘ভাড়িবাসাল’। এটি পরিচালনা করছেন বেট্টি মারান।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তামিল ভাষাভাষি জনগোষ্ঠীর একটি প্রাচীন ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা জালিকাটু। এই খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এতে পিতা-পুত্রের দুটি চরিত্র রূপায়ন করবেন সুরিয়া। তাকে ষাঁড়ের সঙ্গে লড়তে দেখা যাবে। এজন্য প্রশিক্ষণ নেবেন এই অভিনেতা।

জানা যায়, বহুকাল আগে থেকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়ে আসছে জালিকাটু। তামিল ভাষাভাষী জনগোষ্ঠীর প্রধান উৎসব পোঙ্গল। প্রতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এটি। এই উৎসবের তৃতীয় দিনে খোলা জায়গায় একটি বিশেষ প্রজাতির ষাঁড় প্রতিযোগীদের মাঝে ছেড়ে দেওয়া হয়; যেখানে একেকজন পুরুষ প্রতিযোগী দুরন্ত ষাঁড়ের পিঠের কুঁজ ধরে ঝুলে থাকার চেষ্টা করেন। সবচেয়ে বেশি সময় ধরে যে প্রতিযোগী ওই ষাঁড়ের কুঁজ ধরে ঝুলে থাকতে পারেন বা তার শিংয়ে লাগানো নিশান খুলে নিয়ে আসতে পারেন তাকেই বিজয়ী ঘোষণা করা হয়।

সুরিয়ার চরিত্র বাস্তবিকভাবে ফুটিয়ে তুলতে চাচ্ছেন পরিচালক। চরিত্রটির জন্য সুরিয়াকে প্রস্তুত করতে প্রশিক্ষণ গ্রহণ জরুরি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

এ সিনেমায় আর কে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন জিভি প্রকাশ কুমার। আগামী অক্টোবরে এর শুটিং শুরু হবে। ভি ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন কালাইপুলি এস থানু।

সুরিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুরারাই পোট্রু’। গত নভেম্বরে মুক্তির পর দর্শক-সমালোচকের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। অভিনেতা আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। তাছাড়াও আরো দুটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD