কুমিল্লা প্রতিনিধি : শুক্রবার (২৪ জুলাই) দুপুর। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে আটকা পড়েন ঢাকা থেকে নবীনগরগামী বাসের যাত্রী সাপ্তাহিক গ্লোবাল নেটের সম্পাদক মিঠু ধর চৌধুরী। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অস্থির হয়ে তিনি ফোন করে ক্ষোভ প্রকাশ করেন এই প্রতিবেদকের কাছে।
এমন দুর্ভোগ শুধু একদিন আর একজন মিঠু ধর চৌধুরীরই নয়, প্রায় বছর জুড়ে এটা লেগে আছে।
৭/৮ মাস ধরে সড়কটির সংস্কার কাজ চলার কারণে প্রতিনিয়তই অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের।
ব্যস্ত এই সড়ক দিয়ে মুরাদনগর ও নবীনগর উপজেলায় অবস্থিত পাঁচটি গ্যাস ফিল্ডের ভারী যানবাহন চলাচলের পাশাপাশি সম্প্রতি যুক্ত হয়েছে চট্টগ্রাম বন্দর হয়ে আসা ভারতীয় পণ্যবাহী ভারী যানবাহনের বাড়তি চাপ।
অপরিকল্পিত ও বিচ্ছিন্নভাবে সংস্কার কাজ করা এবং সংস্কার কাজে ধীরগতির কারণে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকছে। যানজটের সৃষ্টি হচ্ছে কখনো দেবীদ্বারে, কখনো কংশনগরে, কখনো বা দেবপুর এলাকায়।
সড়ক ও জনপথ বিভাগ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে ‘কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে দেবিদ্বার’ পর্যন্ত সংস্কার কাজের দরপত্র আহ্বান করা হয়।
চলতি বছরের জানুয়ারি মাসে প্রথমে ময়নামতি জেনারেল হাসপাতালের সামনে থেকে সাহেবের বাজার পর্যন্ত সংস্কার কাজ করা হয়। এরপর কিছু বেশ দিন কাজ বন্ধ থাকে।
এরপর মে মাসের শেষ দিকে দেবপুর বাজার এলাকায় কুমিল্লাগামী অংশে কিছু কাজ করা হয়। পরে কংশনগর বাজার অংশে (সিলেটমুখী) কিছু কাজ হয়। এরপর আবারও বিরতি দিয়ে দেবিদ্বার উপজেলা সদরে নতুন করে কাজ শুরু করা হয়।
সম্প্রতি কাজ শুরু হলে দেবীদ্বার সদর এলাকার বানিয়াপাড়া মাটিয়া মসজিদ থেকে নিউ মার্কেটের দৈনিক কাঁচা বাজার, হাসপাতাল গেট, থানা গেট হয়ে জোবেদা খাতুন মহিলা কলেজ এবং মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হয়।
এ সড়কে চলাচলকারী পরিবহনের চালকরা জানান, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা। এরপর ৭/৮ মাস ধরে সংস্কার কাজ চলায় দুর্ভোগ আরও বেড়েছে। তারা বলেন, রাতে সংস্কার কাজ করলে দুর্ভোগ কিছুটা কম হতো।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ বলেন, করোনার কারণে সংস্কার কাজ বন্ধ থাকে। এতে যানজটে দূর্ভোগ বেড়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী দুই সপ্তাহের মধ্যে সংস্কার শেষ করার নির্দেশ দিয়েছেন।
লিইট নিউজ