মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের বৈঠক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধ এবং দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছয় সদস্যবিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অপরদিকে সাত সদস্যবিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা এবং উভয় দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্তগুলো সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD