বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

হুথি সংঘাত ঘিরে নতুন অবস্থান সৌদির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভা স্পষ্ট করেছে, যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে ‘দৃঢ়’ জবাব দেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌ-চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টারও নিন্দা জানিয়েছে রিয়াদ।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে সামুদ্রিক নৌ-চলাচল ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে ‘জরুরি’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় মন্ত্রিসভা।

এদিকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সৌদি আরবের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার অবস্থানও পুনর্ব্যক্ত করা হয়েছে।

বৈঠকে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এবং জি২০-এর সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক তৎপরতা নিয়েও পর্যালোচনা করা হয়। আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে এসব কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সৌদি মন্ত্রিসভার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি নিজেদের নিরাপত্তা রক্ষায়ও কঠোর অবস্থানে থাকতে চায় রিয়াদ। আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD