গতরাতে রায়ো ভায়াকানোর মাঠে প্রথমার্ধে কঠিন সময় পার করলেও করিম বেনজেমার শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রয়োজনীয় এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান আরো মজবুত করেছে লস ব্লাংকোসরা। অতীত পরিসংখ্যান বলছে, ভায়াকানোর এই মাঠ থেকে প্রতিপক্ষ দল সহজে ম্যাচ জিতে ফিরতে পারেনি। ২০১৯ সালে রিয়াল মাদ্রিদ ফিরেছিল হার নিয়ে।
চলতি লিগের প্রথম লেগে এই মাঠে ১-০ গোলে হারের স্বাদ পায় বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে এমন জয়ে খুব খুশি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে প্রশংসা ঝরেছে তাঁর কণ্ঠে, ‘মাঠের কাজ, প্রতিশ্রুতি এবং তীব্রতা নিয়ে আমি সন্তুষ্ট। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে অনেক উপায়ে প্রতিযোগিতা করা যেত। আমি খুব, খুব খুশি। পরিবেশ ও মাঠের কারণে এটি খেলার জন্য একটি কঠিন জায়গা, কিন্তু আমরা খুব ভালো করেছি। ‘
তিনি আরও বলেন, ‘ভায়াকানোর মাঠে অনেক দলই জিততে পারেনি, জিতলেও সহজে নয়। আমি ভুল হতে পারি, কিন্তু আমি আজ কোনো নেতিবাচক দিক দেখতে পাচ্ছি না। আমি খুব খুশি। কখনও কখনও আপনি ব্যর্থ হবেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল চেষ্টা করা এবং আমরা আজ যা করেছি তার সবকিছুই ছিল চেষ্টা। ‘