বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করছে কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’। এর মাঝেই খরব এলো করোনাভাইরাসে ‘পজিটিভ’ হয়েছেন তিনি!
শনিবার ইনস্টাগ্রাম পোস্টে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান এই বলিউড তারকা। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন এই তরুণ অভিনেতা।
এদিন করজোরে একটি ছবি পোস্ট করে মজাদার পোস্ট লিখে কোভিড পজিটিভ হওয়ার কথা জানান অভিনেতা। লেখেন, ‘সব কুছ ইতনা পজিটিভ চল রাহা থা। কোভিড সে রাহা নেহি গায়া-(সব কিছুই খুব পজিটিভ ভাবে কাটছিল, তাই কোভিডও আর থাকতে পারল না’)।
ফ্যানেদের হাসিও পাচ্ছে এই মজাদার পোস্ট দেখে, আবার কার্তিকের কথা ভেবে চিন্তিত তাঁরা। সকলেই ‘গেট ওয়েল সুন’ বার্তা দিয়েছেন কার্তিককে। দয়া করে নিজের খেয়াল রাখো, কার্তিকের উদ্দেশে বার্তা অনুরাগীদের।
গত কয়েক সপ্তাহ ধরেই ‘ভুলভুলাইয়া ২’-এর প্রচারে ব্যস্ত কার্তিক। দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গিয়ে এই ছবির প্রচার চালাচ্ছেন এই তারকা। এই সপ্তাহ শেষেই ১৫০ কোটির ক্লাবে ঢুকে পড়বে এই হরর কমেডি।
অনিজ বাজমি পরিচালিত এই ছবিতে কার্তিক ছাড়াও অভিনয় করেছেন টাবু, কিয়ারা আদবানি, রাজপাল যাদব। এখনও পর্যন্ত এই ছবির বক্স অফিস কালেকশন ১৪৪ কোটি টাকা।