শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

এশিয়া কাপে চোখ থাকবে যাদের ওপর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে এশিয়া কাপের ১৫তম আসরের। ১১ সেপ্টেম্বর ফাইনাল।

অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ সামনে রেখে মরুর বুকে ছয় জাতির এই টি ২০ মহাযজ্ঞে নিজেদের মেলে ধরতে উন্মুখ অনেকেই। এবারের এশিয়া কাপে চোখ থাকবে যাদের ওপর, এমন পাঁচজনের তালিকা করেছে বার্তা সংস্থা এএফপি

সাকিব আল হাসান

মাঠ ও মাঠের বাইরে বিতর্ক তার নিত্যসঙ্গী হলেও ৩৫ বছর বয়সেও ব্যাটে-বলে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফরমার সাকিব। দলকে উজ্জীবিত করতে এশিয়া কাপের আগে টি ২০ দলের নেতৃত্বে ফেরানো হয়েছে এই চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে। মঙ্গলবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অধিনায়ক সাকিবের নতুন অধ্যায়। এটি হতে যাচ্ছে সাকিবের শততম আন্তর্জাতিক টি ২০।

বাবর আজম

তর্কসাপেক্ষে তিন সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা ব্যাটার এখন বাবর আজম। ওয়ানডে ও টি ২০ ব্যাটারদের র‌্যাংকিংয়ে অনেকদিন ধরে শীর্ষে পাকিস্তান অধিনায়ক। তার নেতৃত্বে গত বছর টি ২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। বাবর অপরাজিত ছিলেন ৬৮ রানে। দলের বোলিং আক্রমণের মূল অস্ত্র শাহিন শাহ আফ্রিদি চোটের থাবায় ছিটকে যাওয়ায় এশিয়া কাপে বাবরের ওপর আরও বেশি নির্ভরশীল পাকিস্তান।

বিরাট কোহলি

২০১৯ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর সেঞ্চুরির দেখা পাননি বিরাট কোহলি। গত টি ২০ বিশ্বকাপের পর ভারতের নেতৃত্ব ছেড়ে দিয়েও ফর্মে ফিরতে পারেননি ৩৩ বছর বয়সি এই ব্যাটিং গ্রেট। মাঝে বেশ কিছুদিন বিশ্রামে কাটিয়ে এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটে ফিরছেন কোহলি। ক্রিকেটবোদ্ধাদের বিশ্বাস, রোববার পাকিস্তানের বিপক্ষে নিজের শততম আন্তর্জাতিক টি ২০তেই স্বরূপে ফিরবেন সাবেক ভারত অধিনায়ক।

ওয়ানিন্দু হাসারাঙ্গা

সংযুক্ত আরব আমিরাতের স্পিনবান্ধব মন্থর উইকেটে গত টি ২০ বিশ্বকাপের মতো এশিয়া কাপেও শ্রীলংকার তুরুপের তাস হতে পারেন লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবারের আইপিএলে ১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি। দারুণ বোলিংয়ের পাশাপাশি ধুন্ধুমার ব্যাটিংয়েও ব্যবধান গড়ে দিতে পারেন হাসারাঙ্গা।

রশিদ খান

ক্যারিয়ারের শুরু থেকেই আফগানিস্তানের স্বপ্নসারথি রশিদ খান। টি ২০ সংস্করণে সবচেয়ে কার্যকর বোলার ভাবা হয় ২৩ বছর বয়সি এই লেগ-স্পিনারকে। আন্তর্জাতিক টি ২০তে ৬৬ ম্যাচে তার শিকার ১১২ উইকেট। স্বীকৃত টি ২০তে পাঁচবার রশিদের মুখোমুখি হয়েছেন সময়ের সেরা ব্যাটার বাবর আজম। পাঁচবারই আউট হয়েছেন বাবর! এতেই স্পষ্ট, প্রতিপক্ষের ব্যাটারদের জন্য এশিয়া কাপে কতটা ভয়ংকর হতে পারেন রশিদ।

২০২২ এশিয়া কাপের সূচি

গ্রুপ-এ : ভারত, পাকিস্তান ও হংকং

গ্রুপ-বি : বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান

গ্রুপপর্ব

২৭ আগস্ট : শ্রীলংকা ও আফগানিস্তান (দুবাই)

২৮ আগস্ট : ভারত ও পাকিস্তান (দুবাই)

৩০ আগস্ট : বাংলাদেশ ও আফগানিস্তান (শারজা)

৩১ আগস্ট : ভারত ও হংকং (দুবাই)

১ সেপ্টেম্বর : বাংলাদেশ ও শ্রীলংকা (দুবাই)

২ সেপ্টেম্বর : পাকিস্তান ও হংকং (শারজা)

সুপার ফোর

৩ সেপ্টেম্বর : বি১ ও বি২ (শারজা)

৪ সেপ্টেম্বর : এ১ ও এ২ (দুবাই)

৬ সেপ্টেম্বর : এ১ ও বি১ (দুবাই)

৭ সেপ্টেম্বর : এ২ ও বি২ (দুবাই)

৮ সেপ্টেম্বর : এ১ ও বি২ (দুবাই)

৯ সেপ্টেম্বর : বি১ ও এ২ (দুবাই)

১১ সেপ্টেম্বর : ফাইনাল (দুবাই)

(সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়)

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD