মুক্তির পরপরই সুনামির মতো ঝড়ো বেগে ছুটে বিশ্বজয় করেছে শাহরুখ খানের পাঠান। বিশ্বজুড়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে সিনেমাটি। আয় করে নিয়েছে ১ হাজার কোটি বেশি। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে বেশ কয়েকটি সেরা রেকর্ড নিজের নামে করে নিয়েছে।
শুধু ভারতেই নয়, বেশ কয়েকটি দেশের ব্ক্স অফিস রেকর্ডেও নিজেদের পতাকা উড়িয়েছে পাঠান। এবার‘পাঠান’ পাড়ি জমাল রাশিয়ায়।
ভারতের পাশাপাশি ফ্রান্স, আমেরিকা-সহ বিশ্বের ১০০টি দেশে একইদিনে মুক্তি পেয়েছিল পাঠান। তারপর বাকিটা ইতিহাস! বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ‘পাঠান’।
এমনিতে পাশ্চাত্যে বলিউড তারকাদের মধ্যে শাহরুখের অনুরাগী সংখ্যা বরাবরই বেশি। সিনেমাটির ব্যবসায় সেটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর এবার পুতিনের দেশেও পা রাখল ‘পাঠান’।
শুক্রবার (৯ জুন) রাশিয়া এবং কমনওয়েলথ অফ ইনডিপেন্ডেন্ট স্টেটস-এ মুক্তি পেল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান।
যদিও সেখানে হিন্দি ভাষায় নয়, ডাবিং করা সংস্করণ মুক্তি পেয়েছে। কয়েকমাস আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। কিন্তু আশাতীত সাফল্য পায়নি। মুক্তির আগে বাংলাদেশে শাহরুখের সিনেমা নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল,মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই আশা বিফলে যায়। প্রথম কয়েকদিন প্রত্যেকটি শো টানা হাউজফুল চললেও ধীরে ধীরে তা ঝিমিয়ে পড়ে।
এখন দেখার বিষয়, শাহরুখের ‘রুশ বিপ্লব’ সফল হয় কিনা! এমনিতে রাশিয়ার মানুষজন বলিউড বলতে দীর্ঘ কয়েক দশক ধরে চেনে একজনকেই। তিনি মিঠুন চক্রবর্তী। ‘ডিস্কো ডান্সার’ মুক্তির পর থেকেই সে দেশে মিঠুনের জনপ্রিয়তা যে কারো অভিনেতার ঈর্ষার কারণ হতে পারে।
বলা যায়, রাশিয়ায় বলিউডের প্রতিনিধি বলতে রাজ কাপুরের পর এখন মিঠুনই। এমনকি মিঠুনের সাম্প্রতিক হিন্দি চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’ রাশিয়ার মানুষজনের পছন্দের তালিকায় শীর্ষে ছিল। তার আগে ‘দ্য তাসখন্দ ফাইলস’-এর শ্যুটিংয়ের সময়েও সেখানে গিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। সেই সময় তাকে নিয়ে ভক্তদের যে উন্মাদনা চোখে পড়েছিল, তা কল্পনাতীত। এখন মিঠুনের রাজত্বে পা রেখে বলিউড বাদশা সফল হন কিনা, সেটা দেখার অপেক্ষায় শাহরুখ ভক্তরা।