বয়স্ক ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য স্বাভাবিক পদ্ধতিতে তাওয়াফ করা কষ্টকর। তাদের তাওয়াফ সহজ করতে চালু হলো অত্যাধুনিক গলফ কার্ট। মক্কার গ্র্যান্ড মসজিদের ছাদে নির্ধারিত সময়ে এসব কার্ট চলাচল করছে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, মসজিদ পরিচালনা পর্ষদ গলফ কার্টে আরোহণের সাধারণ নিয়ম-নীতির কথা জানিয়েছে। গলফ কার্টে চড়তে গ্র্যান্ড মসজিদের আজয়াদ লিফট বা কিং আবদুল আজিজ লিফট, বাব আল-ওমরা লিফট দিয়ে মসজিদের ছাদে যেতে হবে।
প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর ৪টার মধ্যে তা চালু থাকবে। তাতে আরো বলা হয়, মসজিদে ৫০টি গলফ কার্টের ব্যবস্থা রয়েছে। প্রতিটি কার্টে একসাথে ১০ জন বসার ব্যবস্থা রয়েছে। এতে জনপ্রতি ৫০ সৌদি রিয়াল ও নির্ধারিত ট্যাক্স আদায় করতে হবে।
গত ২০ মার্চের দিকে রমজান মাসে অত্যাধুনিক এই যান চালু করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে গলফ কার্ট চলাচলের ভিডিও প্রকাশিত হয়। মূলত ২০১৪ সালে সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহর নির্দেশনায় পবিত্র হজ ও ওমরা পালন সহজ করতে স্মার্ট গলফ কার্ট চালু করা হয়।
সূত্র : সৌদি গেজেট ও অন্যান্য