রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

তিন সপ্তাহে কত আয় ‘বরবাদে’র?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

এবারের ইদে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। পরিচালক মেহেদী হাসান হৃদয় তার প্রথম ছবিতে দর্শকদের প্রত্যাশা পূরণে সফল হয়েছেন।

সিনেমার অ্যাকশন ও রোমান্টিক দৃশ্যের পাশাপাশি টলিউড অভিনেত্রী ইধিকা পালের সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যতা হলের দর্শকদের আনন্দে ভাসিয়েছে।

এবার আন্তর্জাতিক অঙ্গনে ‘বরবাদ’, মুক্তি পাচ্ছে যে দেশগুলোতে

ছবি মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ‘বরবাদ’ এখনও বেশির ভাগ হল দখলে রেখেছে। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সে চুটিয়ে ব্যবসা করছে। এদিকে ‘বরবাদ’ আয়ের দিক দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে।

বরবাদের আয় প্রসঙ্গে প্রযোজক শাহরিন আক্তার দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা একটা হিসাব করেছি। সেখানে এখন পর্যন্ত সব মিলিয়ে আমাদের গ্রস টিকিট সেল হয়েছে ৫০ থেকে ৫৫ কোটি টাকা। এটা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। কারণ, তথ্যটা বাংলা সিনেমার জন্য সুসংবাদের। এটা আমাদের আশ্বস্ত করেছে— সিনেমা ভালো হলে দর্শক দেখবেন। তবে প্রযোজকদের বাঁচিয়ে রাখার জন্য সিঙ্গেল হলমালিকদেরও সহযোগিতা করতে হবে। তারা শুধু নিজেরটাই বোঝেন।’

হলমালিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষ্য, ‘আমাদের ই-টিকিটিং না থাকায় আমরা ভুল সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা কিছু হলমালিকের কাছে জিম্মি হয়ে যাচ্ছি। তা না হলে আমার লগ্নি অনেক আগে উঠে যাওয়ার কথা। অথচ এখনো লগ্নি ওঠেনি। তবে উঠে যাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছি। তার মানে এই নয় যে লগ্নি ওঠানো নিয়ে আমরা চিন্তিত বা ওঠাতেই পারব না।’

তিনি যোগ করেন, ‘বরবাদ’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম। এখন পর্যন্ত সিনেমাটির আয়ও সেই ইঙ্গিত দিচ্ছে। কারণ, এখনো ওটিটি প্ল্যাটফরম থেকে বড় অঙ্কের অর্থ আসবে। এ ছাড়া সামনে আরো সময় রয়েছে প্রেক্ষাগৃহে দাপট ধরে রাখার। সব মিলিয়ে বরবাদ ১০০ কোটির আয় ছাড়াতে পারবে, এমনটা প্রত্যাশা রাখছেন অনুরাগীরাও।’

এর আগে ‘বরবাদ’ সিনেমার প্রযোজক জানিয়েছিলেন, শাকিব খান অভিনীত ‘বরবাদ’ আয়ে রেকর্ড গড়বে। প্রাথমিকভাবে আয়ের একটা ধারণা দিয়ে বলেছিলেন, সিনেমাটি শতকোটি টাকা আয়ের রেকর্ড গড়তে যাচ্ছে।

মুক্তির প্রথম সপ্তাহের পর প্রযোজক জানিয়েছিলেন তাঁদের সিনেমাটি টিকিট বিক্রি থেকে আয় করছে ২৭ কোটি টাকার মতো। এটা সিনেমাগুলো হাউসফুল ও শো সংখ্যার ওপর ভিত্তি করে হিসাব করা।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD