বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দীপিকা-প্রিয়াংকার বিয়ে নিয়ে শাহরুখের পুরোনো রসিকতা ভাইরাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

বলিউড বাদশা শাহরুখ খান, যার উপস্থিতি মানেই হাসির ফোয়ারা, এবার আবারও আলোচনার কেন্দ্রে তার পুরোনো এক ভিডিও। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমার প্রচারণার সময়কার সেই ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাসের বিয়ে নিয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শাহরুখের প্রতিক্রিয়া যেন মঞ্চে উপস্থিত সবাইকে হাসিতে ভাসিয়েছিল।

ঘটনাটি ঘটেছিল ‘জিরো’ সিনেমার প্রচারণায়, যেখানে শাহরুখের সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। সাংবাদিক প্রথমে আনুশকাকে লক্ষ্য করে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আপনার বিয়ের পর বলিউডে যেন বিয়ের ট্রেন্ড শুরু হয়েছে। দীপিকা-রণবীর, প্রিয়াংকা-নিক—সবার বিয়ে চলছে’।

সাংবাদিকের কথা শেষ না হতেই শাহরুখ স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে ওঠেন এবং বলেন, এই ট্রেন্ড তো আমার মা-বাবা শুরু করেছিলেন! আনুশকা শুরু করেনি। আনুশকা বিয়ে করেছে বলে সবাই করবে, এমন না। বিয়ে তো বহুদিন ধরেই হচ্ছে!

এরপর সাংবাদিক আবারও রণবীর-দীপিকা এবং প্রিয়াংকা-নিকের বিয়ের প্রসঙ্গ তোলেন। তখন শাহরুখ খান আরও মজার সুরে বলে ওঠেন, সবাই বিয়ে করুক, মাশাল্লাহ! খুব ভালো। কিন্তু আমি কী করব? ওরা করবে বিয়ে, মজা করবে, হবে বাচ্চা… আমি কী করব? আমি তো যা করার করে ফেলেছি। বারবার কি আমি বিয়ে করে যাবো?

শাহরুখের এই রসিকতায় পাশে দাঁড়ানো আনুশকা শর্মা হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছিলেন! প্রসঙ্গত, আনুশকা শর্মা ওই ঘটনার এক বছর আগেই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেছিলেন। আর দীপিকা-রণবীর এবং প্রিয়াংকা-নিক তখন তাদের বিয়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন।

বর্তমানে, শাহরুখ খান তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খান এবং দীপিকা পাড়ুকোনকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় রানি মুখার্জিকেও অতিথি চরিত্রে দেখা যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তার সিনেমার কাজ যতই থাকুক, শাহরুখের এই ধরনের রসবোধ দর্শক ও ভক্তদের কাছে চিরকালই হিট!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD