বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘চুরি’র অপবাদ দিয়ে ফেরিওয়ালাকে হত্যার অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে শাহিন মিয়া (২২) নামে এক ফেরিওয়ালাকে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়।

নিহত শাহিন উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে।

এর আগে দুপুরে ওই গ্রামের মধ্যপাড়া এলাকায় তাকে মারধরের ঘটনা ঘটে।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি ভাঙ্গারি দোকানের ফেরিওয়ালা হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বাবা আক্তার মিয়ার অভিযোগ, দুই-তিন দিন আগে একই গ্রামের আরফত আলীর ভাতিজা মিলন মিয়ার ছেলের একটি রুপার চেইন হারিয়ে যায়। এ নিয়ে তারা শাহিনকে চোর হিসেবে সন্দেহ করে আসছিলেন। রোববার দুপুরে শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে তার বাড়ি নাসিরনগরের ফেদিয়ারকান্দি গ্রামে যান।

এ সময় মধ্যপাড়া এলাকায় আরফত আলী জোরপূর্বক শাহিনকে তার ঘরে নিয়ে আটকে রাখেন। একপর্যায়ে আরফত আলী তার ভাতিজা মিলন, জুনায়েদ ও তৌহিদসহ কয়েকজন শাহিনকে মারধর করেন। খবর পেয়ে পরিবারের লোকজন শাহিনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD