মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ডাক অমিত শাহের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলকাতার সল্টলেকের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভয়, দুর্নীতি ও অনুপ্রবেশের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে গেছে। এই পরিস্থিতি বদলাতে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে।

সাংবাদিক সম্মেলনের শুরুতে ৩০ ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে অমিত শাহ বলেন, ১৯৪৩ সালের এই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলন করেছিলেন। সেই স্বাধীনতার চেতনা থেকেই বিজেপি বাংলার ভবিষ্যৎ গড়ার সংকল্প নিয়েছে বলে দাবি করেন তিনি।

অমিত শাহ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গ কার্যত ভয়ের রাজ্যে পরিণত হয়েছে। তাঁর দাবি, দুর্নীতি ও অনুপ্রবেশ রাজ্যের প্রশাসনিক কাঠামোকে ভেঙে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ করা হবে, অনুপ্রবেশ সম্পূর্ণভাবে রোখা হবে এবং গরিব কল্যাণে জোর দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে ‘একটি পাখিও অনুপ্রবেশ করতে পারবে না’।

তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার কেন জমি দিচ্ছে না। তার অভিযোগ, অনুপ্রবেশকারীরা গ্রামগঞ্জে ঢুকে পড়ছে, অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। আসাম ও ত্রিপুরায় অনুপ্রবেশ নিয়ন্ত্রণ সম্ভব হলেও পশ্চিমবঙ্গে কেন তা করা যাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

দুর্নীতির প্রসঙ্গে অমিত শাহ বলেন, একের পর এক দুর্নীতির ঘটনায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও নেতাদের নাম জড়িয়েছে। বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাও তিনি উল্লেখ করেন। তার অভিযোগ, রাজ্য সরকার বাংলার মানুষের কাছে কোনো জবাবদিহি করে না।

নারী নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরজি কর, সন্দেশখালি, দুর্গাপুর, কসবা ল কলেজসহ একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলায় মহিলারা নিরাপদ নন। তার দাবি, রাজ্যের মায়েরা সরকার পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছেন।

বিজেপি কর্মীদের উপর রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে অমিত শাহ বলেন, ধারাবাহিকভাবে হামলা চালিয়ে শত শত বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার কর্মী ঘরছাড়া হয়েছেন। এই পরিস্থিতিকে তিনি গণতন্ত্রের পরিপন্থী বলে উল্লেখ করেন।

অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, এক সময় দেশের শীর্ষ জিডিপি সম্পন্ন রাজ্যগুলির মধ্যে থাকা পশ্চিমবঙ্গ আজ অনেক পিছিয়ে পড়েছে। শিল্প প্রতিষ্ঠান রাজ্য ছেড়ে চলে যাচ্ছে এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিক সম্মেলনের শেষে অমিত শাহ বলেন, কংগ্রেস, বাম ও তৃণমূল—এই তিন রাজনৈতিক শক্তিকেই বাংলার মানুষ সুযোগ দিয়েছে, কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়ন হয়নি। বিজেপিকে বিপুল সমর্থন দিলে বাংলার মনীষীদের স্বপ্নের বাংলা গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD